আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ
খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় টানা আট দিন পর ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত নয়টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রোববার সকাল ছয়টা থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর জননিরাপত্তার স্বার্থে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
শনিবার সকালেই জুম্ম ছাত্র–জনতা সংগঠনটি তাদের ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। সংগঠনের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা আট দফা দাবি উত্থাপন করেছে এবং দাবি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনের সদস্যরা বলেন, ‘দাবিগুলো না মানা হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।’
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে অচেতন অবস্থায় ওই কিশোরীকে একটি খেত থেকে উদ্ধার করে পরিবার। এ ঘটনায় শয়ন শীল নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে।
ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ‘জুম্ম ছাত্র–জনতা’ ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে অবরোধের ডাক দেয়, যা পরদিন তিন পার্বত্য জেলায় ছড়িয়ে পড়ে। অবরোধ চলাকালে ২৮ সেপ্টেম্বর গুইমারার রামেসু বাজার এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হন।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহারের মাধ্যমে খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055