আসলাম উদ্দিন, প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সময় নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শনিবার গভীর রাতে (১২টার দিকে) বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের হামলার দৃশ্য কয়েকজন ছাত্রী ভবনের দ্বিতীয় তলা থেকে ফেসবুকে লাইভ করছিলেন। লাইভ চলাকালীন ওই ছাত্রীদের উদ্দেশে স্থানীয়রা অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং পরবর্তীতে তাঁদের ‘ধর্ষণের’ হুমকি দেয় বলে জানা গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসে বুধবার।
ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ছাত্রীদের সরে যেতে হয়। আইন বিভাগের এক শিক্ষার্থী জানান, তাঁরা ভাড়া থাকতেন সেই ভবনের দ্বিতীয় তলায়। হামলার সময় তাঁদের কক্ষের সামনেই শিক্ষার্থীদের ওপর নির্যাতন হচ্ছিল। লাইভ করার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে, যদিও তা সম্ভব হয়নি। এরপরই ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রীরা সেখান থেকে নিরাপদে চলে যান। ওই ছাত্রী আরও জানান, স্থানীয়রা ভবনের ছবি তুলে রেখেছে, যা তাঁদের উদ্বেগ আরও বাড়িয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবহিত করা হয়েছে।
প্রক্টরিয়াল বডির সদস্য সাইদ বিন কামাল চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আক্রান্ত ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055