আসলাম উদ্দিন, প্রতিবেদক। ছবিঃ প্রতীকী।
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল সংগঠনের পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—ধানমন্ডির ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত সজীবুল ইসলাম ওরফে হৃদয়, পল্টন থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. শাহাদত নবী খোকা (৪২), ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ বিন আজিজ (২৩), লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী রায়হান ওরফে পলিন (২৮), শেরেবাংলা নগর থানার ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মানিক (৩০), কলাবাগান থানা আওয়ামী লীগের ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি জামিল হোসেন পলাশ (৫৮), শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৫০) এবং কিশোরগঞ্জের নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ (৪১)।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভোর চারটার দিকে ধানমন্ডি থেকে সজীবুল ইসলামকে প্রথমে আটক করা হয়। সকাল সাতটার দিকে ওয়ারী থেকে আবদুল্লাহ বিন আজিজ, রাত সাড়ে আটটায় লালবাগ থেকে রায়হান, দিবাগত রাত দেড়টার দিকে পল্টন থেকে শাহাদত নবীকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত সোয়া ১১টায় শেরেবাংলা নগর থেকে আমিনুর রহমান, রাত তিনটার দিকে ধানমন্ডি থেকে জামিল হোসেন, রাত পৌনে ১২টায় কেরানীগঞ্জ থেকে গোলাম মোস্তফা এবং শেষদিকে উত্তরা থেকে শাহরিয়ার আহমদকে ডিবি আটক করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, আতঙ্ক সৃষ্টি এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055