আসলাম উদ্দিন, প্রতিনিধি, সিরাজগঞ্জ সদর:
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের 'বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার ২০২২' বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন ক্যাটাগরীর 'ছ' শ্রেণিতে ২য় স্থান অধিকার করে জাতীয় পুরস্কার পেলেন সিরাজগঞ্জের মাহবুবুল ইসলাম পলাশ।বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে সহকারী বন সংরক্ষক, সিরাজগঞ্জ ও পাবনা (অ: দা:) রিজিয়া পারভীন মিষ্টি এই পুরস্কারটি মাহবুবুল ইসলাম পলাশের হাতে তুলে দেন।এর আগেও তিনি জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ অর্জন করেন। তিনি দেশি-বিদেশি বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংগ্রহ করে বিশাল বাগান গড়ে তুলেছেন। তার সংগ্রহে রয়েছে প্রায় চার শতাধিক বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ।সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের মাহবুবুল ইসলাম পলাশ পেশায় একজন কৃষি উদ্যোক্তা। তার বাবা আবুল আজাদ সেখ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ছিলেন এবং মা তাকমিনা খাতুন একজন গৃহিণী।মাহবুবুল ইসলাম পলাশ তার বাড়ির পাশেই গড়ে তুলেছেন বিরল ও বিপন্ন বৃক্ষের বিশাল সংগ্রহশালা। এখানে তিনি প্রায় চার শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন যেগুলো তার নিবির পরিচর্যার মাধ্যমে বেড়ে উঠছে। সুন্দরবনের সুন্দরী থেকে শুরু করে সবচেয়ে উঁচু বৃক্ষ বৈলাম, চা, কফি, বাঁশপাতা, সিভিট, মাল্লাম, বান্দরহলা, গুটিগুটিয়া, রক্তন, রাতা, তুন, আগর, ধুপ সহ বিভিন্ন বিরল ও বিপন্ন প্রজাতির গাছ রয়েছে তার সংগ্রহশালায়।মাহাবুবুল ইসলাম পলাশ, নিজে বাগান করার পাশাপাশি কৃষি খামার ও পরিবেশ প্রকৃতি বাঁচিয়ে রাখার জন্য বিনামূল্যে সারা বাংলাদেশে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ করে চলেছেন।সেই ধারাবাহিকতায় তিনি ইতোমধ্যে ৬৪ জেলার বেশ কয়েকটি জেলায় বিনামূল্যে বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় বৃক্ষরোপণ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055