রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় মামলা হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ। সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বাবু (৩৪), পিতা- রহম আলী শেখ, সাং-মোহনপুর, সদর, সিরাজগঞ্জ এবং সাহা (২৯), পিতা- সহিদ, সাং-নতুন সয়দাবাদ, সদর, সিরাজগঞ্জ।
জানা গেছে, আসামি বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা সংক্রান্ত ১৫টি মামলা এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
এর আগে, গত ৩ অক্টোবর সিরাজগঞ্জে মহাসড়কে এক প্রাইভেটকার থামিয়ে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কড্ডার মোড়ে ঢাকামুখী লেনে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকারে হামলা চালিয়ে যাত্রীদের মারধর, গাড়ি ভাঙচুর ও মালামাল লুট করে নেয়। এতে গাড়িতে থাকা অন্তত ৪-৫ জন আহত হন।
ঘটনাটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।
র্যাব-১২ জানায়, অধিনায়ক সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল দ্রুত অভিযান চালিয়ে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055