মোঃ শাকিল আহমেদ (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):
সিরাজগঞ্জের চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্তের অফিসিয়াল নাম্বার ক্লোন করে বিভিন্ন জনের কাছে প্রতারণার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ সোমবার (৬ মে) ভোরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত।
গতকাল রোববার রাতে ওই এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে ওসির ফোন নম্বর ক্লোন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ পেয়ে তিনি জিডি করেন। একই সাথে এ বিষয়ে সতর্ক থাকতে চৌহালী থানার ফেসবুক পেজে ও আইডি থেকে পোস্ট করে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, রাতে এ বিষয়টি প্রথম জানতে পারি। সরকারি নম্বরটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে ফোন দেয়া হচ্ছে। তবে তারা আমার কন্ঠের মিল না পেয়ে বিষয়টি আমাকে অবহিত করে। পরে প্রতারকদের বিষয়ে তাদের সতর্ক করেছি।
কেউ তার সরকারি নম্বর থেকে কোনো সন্দেহজনক কল পেলে ফোনটি কেটে নিশ্চিত হতে সবাইকে অনুরোধ জানান তিনি।

