সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন এক অবহেলিত জলজ সুপরিচিত উদ্ভিদের নাম কচুরিপানা । গ্রাম বাংলার প্রায় প্রতিটি এলাকায় হাওর,বাঁওড়,খাল-বিল আর শস্য-শ্যামল সবুজে ভরপুর ও বাড়ির পাশের ডোবায় এখন ফুটেছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল। এমন দৃশ্যেও দেখা মিলবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ছোট-বড় বিভিন্ন খাল-বিলের বিস্তীর্ণ জলাশয়ে। এক নয়নাভিরাম, মনোমুগ্ধকর ফুল যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ না করে পারে না। ফসলহীন মাঠ জুড়ে কচুরি ফুলের সমাহার। সবুজ গালিচার বুকে সাদা রঙের আলপনা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,কচুরি ফুলের চাদরে ডেকে আছে উপজেলার খাল-বিল ও জলাশয়। এসব ফুলের মন-মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। কেউ কেউ খুব যত্ন করে নিজের মুঠোফোনে তুলে নিচ্ছেন এসব ফুলের দৃশ্য। উপজেলার দাদপুর গ্রামের আমিনুল,হেলাল,তাসলিমা,আলপনা খাতুনসহ অনেকেই বলেন, দিনে দিনে আমাদের এলাকার বিস্তীর্ণ খাল-বিল বা জলাশয়ে কচুরিপানায় ভরে উঠেছে। প্রতি বছরই এসব জলাশয়ে অযত্নে-অবহেলায় নিজে নিজে বেড়ে উঠেছে ফুলগুলো।এসব ফুলের শোভা দেখতে বা অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য উভোগ করতে ভিড় জমাচ্ছে অনেকেই।

