জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় গলায় ওড়নার ফাঁস দিয়ে পরিনা বেগম (৩০) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে।
নিহত পরিনা বেগম ওই গ্রামের ফরিদ শেখের স্ত্রী।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) রাতে বাড়ির সবার অজান্তে একটি ঘরে প্রবেশ করে সেলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরেরদিন সকালে পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান।
নিহত পরিনা বেগমের ভাগ্নী আশা বানু জানান, নিজ গ্রামে আমার খালা পরিনা বেগম ও খালু ফরিদ শেখ এক সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন। আমার খালু পেশায় একজন রিকশা চালক। অতিকষ্টে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতেন। সাংসারিক জীবনে দেনাগ্রস্থের মধ্যে ছিলেন। এজন্য হতাশায় ভুগছিলেন তারা। মাঝেমধ্যে আমার খালুর সঙ্গে কথা-কাটাকাটি হতো আমার খালার। এ কারণে অভিমান করে ছিলেন আমার খালা পরিনা বেগম।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

