আসলাম উদ্দিন, প্রতিনিধি-সিরাজগঞ্জ সদর:
ডাকাতির প্রস্তুতিকালে র্যাব-১২ এর বিশেষ অভিযানে সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকায় ডাকাত দলের নেতা গ্রেফতার হয়েছে।র্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ এলাকার মো. আলী আশরাফের বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদের কয়েকজন পালিয়ে যায়। তবে মোঃ আলী আশরাফ (৩৭) নামে একজনকে মোটর সাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। ধৃত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়।তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, ওয়াকিটকি, বিভিন্ন সরঞ্জাম ও একটি মোটরসাইকেলসহ চোরাই মালামাল উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে এবং পলাতক অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

