রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সদর কোম্পানির অভিযানে ২১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২ এর দিকনির্দেশনায় গত ১৯ আগস্ট ২০২৫ খ্রিঃ বিকাল ৫টা ১৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল তাড়াশ থানার কালুপাড়া এলাকায় ডাক্তার ইউসুফ প্রামানিকের পুকুরপাড় সংলগ্ন মিলন মেমোরিয়াল কোচিং সেন্টারের পিছনে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ বুলবুল হোসেন (৬২) নামের এক মাদক ব্যবসায়ীকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বুলবুল হোসেন সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার ৭ নং ওয়ার্ডের খুটিগাছা এলাকার মৃত শুকাল উদ্দিন সরকারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে তাড়াশ ও আশপাশের এলাকায়সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

