আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে টানা ১২ দিন ছুটি থাকবে। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ৯ দিন। আর কলেজ ও টিটি কলেজগুলোতে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকবে।
তালিকা অনুযায়ী, ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে।
এ ছাড়া ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজার দিন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ জানায়, দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজাসহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক উৎসবকেও ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

