(ছবিতে- বামপাশে নিহত ইকবাল।)
আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ
বগুড়ার রংপুর রোডের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনে ইকবাল হোসেন (২৪) নামে এক কর্মচারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে ক্যাশ কাউন্টারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের বাগবাটী ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পরিবার নিয়ে বগুড়া শহরের কাটনারপাড়ায় বসবাস করছিলেন এবং আড়াই বছর ধরে ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী কর্মীরা জানান, রাতের শিফটে ইকবালের সঙ্গে সেলসম্যান রতনও দায়িত্বে ছিলেন। তবে ঘটনার পর থেকে রতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মাদ রায়হান বলেন, “মরদেহ গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। পিবিআই ও সিআইডি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ব্যক্তিগত দ্বন্দ্ব বা অর্থনৈতিক বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের কর্মী রতনকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

