রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
প্রতি বছরের মত এবারও পুরো রমজান মাস জুড়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সিরাজগঞ্জের সামাজিক সংগঠন স্মার্ট বয়েজ। রোজাদারদের ইফতার, অসহায়দের দান সাদকা, যাকাত ফিতরা প্রদান সহ ঈদের বাজার সদাই, নতুন কাপড় সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে তাদের চাহিদা অনুসারে।এছাড়া সারাবছরই অসহায় মানুষের প্রয়োজনে এবং বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে তাদের পাশে ছুটে যায় স্মার্ট বয়েজ। নিয়মিত মানবতার সেবার পাশাপাশি শিক্ষাবিস্তার, পরিবেশ উন্নয়ন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, ধুমপান ও মাদকাসক্তি প্রতিরোধসহ সুষ্ঠু সংস্কৃতির বিকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে স্মার্ট বয়েজ।শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক মো. আসলাম উদ্দিনের হাত ধরে “আমরা ভালো থাকবো-দেশকে ভালো রাখবো” শ্লোগান নিয়ে ২০১৬ সালে পথচলা শুরু করে স্মার্ট বয়েজ। এই সংগঠনের সামনের সারিতে আছেন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল উদ্দীপ্ত মেধাবী শিক্ষার্থী ও কিছু প্রাণবন্ত স্বেচ্ছাসেবী- যারা স্কুল লেভেল থেকে সম্পূর্ণ “স্মার্ট বয়েজ” এর তত্বাবধানে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠেছে।উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ও সমাজ বরেণ্য ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় নিরলসভাবে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। সমাজের মহৎপ্রাণ দাতা ও সদস্যদের অনুদানে পরিচালিত এই সংগঠনটি দেশ ও মানবতার কল্যাণে কাজ করে ইতিমধ্যে সুধীমহলের প্রশংসা অর্জন করেছে।

