মোঃ রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিরাজগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দলের মাদকবিরোধী অভিযানে সিরাজগঞ্জ জেলার সলংগা থানা এলাকা থেকে ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২’র সদর কোম্পানির অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে অবস্থিত “নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট” এর সামনে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন এক নারীর দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি হেরোইন বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৭০০ টাকা জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ রেকশোনা বেগম (৩২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ১৪নং কানসাট ইউনিয়নের বালুর চর এলাকার মোঃ উলাল উদ্দিনের কন্যা।
র্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেকশোনা বেগম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাসযাত্রীর ছদ্মবেশে হেরোইন পরিবহন করে ময়মনসিংহ জেলা ও আশপাশের এলাকায় মাদক বিক্রি করতেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১২ জানায়, দেশব্যাপী চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

