আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ থেকে:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিরাজগঞ্জের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক পরিবহনের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ গ্রামের মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যানের আড়ালে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহের কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

