আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৩ আসনে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য আবদুল আজিজকে বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাকে তাড়াশ আমলি আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. হুমায়ুন কবীর ও সাধারণ নিবন্ধন কর্মকর্তা শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ। এই মামলায় আজিজসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজকে গত ৩ ফেব্রুয়ারি র্যাব-২ ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১২-এর মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করে।

