মোঃ শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরের গয়নাকুড়ি স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল ম্যাচ গতকাল বৃহস্পতিবার দাড়িগাছা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ধুনট উপজেলার উত্তর পেঁচুল যুব সংঘকে ৫-৩ গোলে হারিয়ে শাজাহানপুরের খাদাস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচের উদ্বোধন এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার। খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন রানা, আরাফাত রহমান কোকা স্মৃতি সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলম, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এনামুল করিম স্বপন, তাজুল মেম্বার, আল আমিন, আবু বক্কর সিদ্দিক, রাজেক আলী সাকিদার, হাসিবুল ইসলাম হাসিব, জাহাঙ্গীর আলম রনি, সাজু আহম্মেদ প্রমুখ।

