আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধিঃ
প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচী হিসেবে বুধবার (২৫ জুন, ২০২৫) সকাল ১০টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজনের উদ্বোধন করেন।এরপর জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সামাজিক সংগঠন স্মার্ট বয়েজ, পরিবেশ ও প্রকৃতির পাঠশালাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, বিএনসিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়।এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে সকাল ১১টায় কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে পরিবেশ দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং সিভিল সার্জন ডাঃ মো নুরুল আমীন। আলোচনা সভা শেষে এই দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।পরিশেষে জেলা প্রশাসন, পরিবেশ ও প্রকৃতির পাঠশালা এবং স্মার্ট বয়েজের উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে সহস্রাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

