আসলাম উদ্দিন, রিপোর্টার।
কর্মব্যস্ততার মাঝে প্রাণের অবকাশ
অফিস, মিটিং, ফাইল আর ডেডলাইনের চাপ—এভাবেই কাটে সরকারি চাকুরিজীবীদের সিংহভাগ সময়। এই ব্যস্ততার ভিড়েই ছুটি হয়ে ওঠে প্রাণের অবকাশ, নতুন করে বেঁচে ওঠার অনুপ্রেরণা। আর তাই টানা দীর্ঘ ছুটির ঘোষণা মানেই যেন এক টুকরো আনন্দ উৎসব।
চলতি বছর চাকুরিজীবীরা উপভোগ করেছেন ঈদুল ফিতরে টানা নয় দিন ও ঈদুল আযহায় টানা দশ দিনের বিরল ছুটি। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন মুহূর্ত আর ভ্রমণস্মৃতি এখনো রয়ে গেছে তাদের মনে। তবে এখানেই শেষ নয়—বছরের শেষ প্রান্তে অপেক্ষা করছে আরও দুটি দীর্ঘ ছুটি, যা অনেকের কাছেই বাড়তি পাওনা মনে হবে।
দুর্গাপূজায় চার দিনের অবকাশ
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে মিলছে টানা চার দিনের ছুটি। ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর সরকারি ছুটি এবং সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে তৈরি হবে ছোট্ট এক উৎসবমুখর বিরতি।
বড়দিনেও টানা ছুটি
ডিসেম্বরের শেষ দিকে বড়দিন ঘিরেও থাকছে টানা ছুটির আনন্দ। ২৫ ডিসেম্বর বড়দিনের সরকারি ছুটির সঙ্গে ২৬ ও ২৭ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি মিলে চাকুরিজীবীরা কাটাতে পারবেন টানা তিন দিন সম্পূর্ণ নির্ভার সময়।
নতুন উদ্যমে ফেরার প্রস্তুতি
চাকুরিজীবীরা বলছেন, বছরের শেষভাগের এই ছুটিগুলো যেন অতিরিক্ত বোনাস। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি ভ্রমণপিপাসুদের জন্যও এটি এক অনন্য সুযোগ। সারাবছরের চাপ ও কর্মব্যস্ততার পর এই বিরতি তাদের ফিরিয়ে দেবে নতুন উদ্যম, প্রাণের উচ্ছ্বাস এবং কাজের প্রতি সতেজতা।

