কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ছালাভরা বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জনশিশু ও তার বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুর মা আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ছালাভরা বাজারের পশ্চিমে শ্যামপুর কারিগরি স্কুলের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর থানার শুবলি ইউনিয়নের শালফা গ্রামের মোঃ শরিফুল ইসলাম (৪৪) তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মেঘাই খেয়াঘাট বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটি একটি দশ চাকার বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই শরিফুল ৪৫ তার ছেলে তাসকিন আহমেদ (৮) ও মেয়ে তাহমিনা ৫ নিহত হয়। অপরদিকে স্ত্রী মোছাঃ মুন্নী খাতুন (২৫) মারাত্মকভাবে আহত হয়ে এক পা হারান। পরে স্থানীয়রা আহত মুন্নি খাতুন কে উদ্ধার করেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কাজিপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান জানান, ঘাতক ট্রাকের চালকের সহযোগীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

