আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ায় যমুনা নদীর তীর ঘেঁষা ক্রসবার-৩ এলাকায় নির্মাণাধীন যমুনা ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্তর ফলক উদ্বোধনের মাত্র তিন দিনের মাথায় ভাঙচুর করেছে স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার (৮ সেপ্টেম্বর) তারা পার্কের সাইনবোর্ডসহ ফলকটি ভেঙে ফেলে।
এলাকাবাসীর অভিযোগ, তাদের বাপ-দাদার মালিকানাধীন জমির ওপর ফলক স্থাপন করা হয়েছিল। তবে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম দাবি করেছেন, সরকারিভাবে নির্ধারিত ৬.১৯ একর খাস জমির ওপরই পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে আধুনিক বহুমুখী সুবিধাসম্পন্ন এই ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্কটিতে শিশুদের বিনোদনের পাশাপাশি হোটেল, মসজিদ ও রাতযাপনের সুযোগসহ আধুনিক পর্যটনকেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। তবে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

