খেলাধুলা প্রতিবেদক:
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচকে ঘিরে দলটি আত্মবিশ্বাসী, বিশেষ করে কোচ সরওয়ার ইমরানের ফিরে আসা দলের জন্য বড় প্রেরণা।
সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে কলম্বোর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৬ বছর বয়সী এই কোচ। পরে জানা যায়, তিনি হালকা স্ট্রোকের শিকার হয়েছিলেন। তবে পরিস্থিতি স্থিতিশীল হলে মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে হোটেলে ফেরেন। কোচ ইমরান সেদিনই অনুশীলনে যেতে চাইলেও সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম নিতে বলেন দলের সদস্যরা। অবশেষে বুধবার তিনি মাঠে ফেরেন এবং দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন।
২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের সময় পুরুষ দলের কোচ ছিলেন সরওয়ার ইমরান। বর্তমানে তিনি নারী দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন।
এটি বাংলাদেশের দ্বিতীয় নারী ওয়ানডে বিশ্বকাপ। আগের আসরে পাকিস্তানকে হারিয়েই তারা একমাত্র জয় পেয়েছিল। দুই দলের মুখোমুখি ১৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮টি, যা নিগার সুলতানার দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
স্পিন অলরাউন্ডার রাবেয়া খান এক ভিডিও বার্তায় জানিয়েছেন, “আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। শ্রীলঙ্কার পরিবেশ আমাদের দেশের মতোই। পাকিস্তানের বিপক্ষে আমাদের রেকর্ডও ভালো। সবাই জয়ের ব্যাপারে আশাবাদী।”
এছাড়া অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার বলেন, “আমরা বিশ্বকাপে অষ্টম দল হিসেবে এসেছি, আর পাকিস্তান সপ্তম। তবে তাদের বিপক্ষে আমাদের পারফরম্যান্স বরাবরই ভালো। প্রথম ম্যাচ জিততে পারলে বাকি দলগুলো আমাদের হুমকি হিসেবে দেখবে, আর আমাদের আত্মবিশ্বাসও বাড়বে।”
এই ম্যাচের পর বাংলাদেশ তাদের পরবর্তী ছয়টি ম্যাচ খেলবে ভারতভিত্তিক ভেন্যুগুলোতে।

