ঢাকাWednesday , 8 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে গিয়ে নিজেই যানজটে আটকে পড়লেন উপদেষ্টা

Nadigram
October 8, 2025 2:54 pm
Link Copied!

আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা ও স্থায়ী যানজট পরিদর্শনে গিয়ে নিজেই দীর্ঘ যানজটে পড়লেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন এবং সেখান থেকে সড়কপথে আশুগঞ্জ রেলস্টেশন ঘুরে যান। সকাল ১০টা ২০ মিনিটে আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশে যাত্রা শুরুর কিছু পরেই আশুগঞ্জের সোনারামপুর এলাকায় তীব্র যানজটে প্রায় দুই ঘণ্টা আটকে থাকতে হয় তাঁকে।

পরে তিনি গাড়ি ছেড়ে হেঁটে যাত্রা শুরু করেন। বাহাদুরপুর এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলে চড়ে সরাইল বিশ্বরোডের পথে রওনা হন। সঙ্গে ছিলেন তাঁর বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন। অবশেষে বেলা ১টার দিকে উপদেষ্টা সরাইল বিশ্বরোডে পৌঁছান।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তখন তাঁর আগমনের অপেক্ষায় ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, সওজ কর্মকর্তারা, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন এবং হাইওয়ে পুলিশ সুপার শাহীনুর আলম এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয় সওজ ও প্রশাসনিক সূত্রে জানা যায়, ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘদিনের যানজট ও সড়কের বেহাল অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকেল থেকে সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় জরুরি মেরামতকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

এ অংশে তিন স্তরে ইট বিছানো ও বালু ফেলার কাজ চলছে। গোলচত্বরের ১২ মিটার প্রস্থ ও ১৮৫ মিটার দৈর্ঘ্যের অংশ ছাড়াও গোলচত্বর থেকে কুট্টাপাড়া খেলার মাঠ পর্যন্ত প্রায় ১৯০ মিটার এলাকায় উন্নয়নকাজ হচ্ছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি প্রায় চার লাখ ইট ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এনে ব্যবহার করা হচ্ছে।

শনিবার বিকেল থেকে রোববার রাত ২টা, সোমবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা, এবং মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ চললেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে মাত্র ৩০ শতাংশ। নির্ধারিত ৭২ ঘণ্টার সময়সীমা পেরিয়ে গেলেও পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি।

এদিকে কাজ শুরু হতেই যান চলাচল আরও ব্যাহত হয়। আশুগঞ্জ গোলচত্বর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার এলাকায় টানা চার দিন ধরে দীর্ঘ যানজট চলছে। আজ বুধবার সকালেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, “সকাল থেকে মহাসড়কে তীব্র যানজট রয়েছে। সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।