শাহজাহান আলী স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে আব্দুল মতিন(৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে বগুড়ার শেরপুর উপজেলাধীন বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন একই গ্রামের কছির উদ্দিনের ছেলে। সে গরু কেনা-বেচার ব্যবসা করতো। তাছাড়া তিনি স্হানীয় বিএনপির রাজনৈতিক কর্মী ছিলেন বলে জানান স্হানীয়রা।
স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কৃষি শ্রমিকেরা ধান কাটার জন্য ক্ষেতে যাওয়ার সময় ক্ষেতের পাশে আব্দুল মতিনকে গুরুতর আহত অবস্হায় পড়ে থাকতে দেখতে পায়।এরপর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই আব্দুল মতিনের মৃত্যু হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিলো।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহ এর নিকট জানতে চাইলে তিনি জানান, নিহত আব্দুল মতিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

