স্টাফ রিপোর্টারঃ
রোটারি ক্লাব অব বগুড়া আগামী এক বছরে (২০২৫-২০২৬) সাধারণ মানুষের উপকারে আসে এমন ৪৭ ধরনের কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। রোটারি ক্লাব অব বগুড়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ মোঃ রেজাউল হক সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় লিখিত আকারে কর্মসূচীর সার সংক্ষেপ তুলে ধরেন।তিনি জানান, ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি আমেরিকার ইলিয়ন রাজ্যের শিকাগো শহরে প্রতিষ্ঠিত রোটারি ক্লাব মূলত ৭টি লক্ষ্য নিয়ে কাজ করে। সেগুলো হলোঃ শান্তি প্রতিষ্ঠা এবং দ্বন্দ্ব নিরসন, রোগ প্রতিরোধ এবং চিকিৎসা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, মা ও শিশু স্বাস্থ্য, মৌলিক শিক্ষা ও সাক্ষরতা, অর্থনৈতিক ও কমিউনিটি উন্নয়ন এবং পরিবেশ রক্ষা।বগুড়া শহরের বড়গোলা এলাকায় মামদুদুর রহমান হল জামিল শপিং সেন্টারের ৬ষ্ঠ তলায় রোটারি ক্লাবের কার্যালয়ে ওই মতবিনিময় সভায় সংগঠনের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সাইরুল ইসলাম এবং প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৬-২০২৭) মোঃ সাজেদুল বারী লিখন, সেক্রেটারি মোঃ নবিউল ইসলাম নয়নসহ ডিরেক্টররা উপস্থিত ছিলেন।নতুন বছরের জন্য যেসব কর্মসূচী হয়েছে তার অন্যতম হলো- গরীব ও ছিন্নমূল ছাত্রদের জন্য স্লিপিং কীটস বিতরণ, পরিবেশ সুরক্ষায় বগুড়া জেলার প্রতিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন, সমাজে দরিদ্র ও অবহেলিত শিশুদের শিক্ষার জন্য স্কুল স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষ্যে টিউবওয়েল স্থাপন, ১০০জন ঝুঁকিপূর্ণ দরিদ্র মায়ের স্বাভাবিক ডেলিভারি প্রয়োজনে সিজারিয়ান ডেলিভারিসহ চিকিৎসা ও আর্থিক সহযোগিতা প্রদান, হেপাটাইটিস রোগের স্ক্রিনিং এবং টিকা প্রদানের মাধ্যমে লিভার সিরোসিস রোগ প্রতিরোধ করা, বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় তালগাছ রোপন এবং যুবক-যুবতীদের দক্ষকতা উন্নয়নে প্রশিক্ষণ।মতবিমিনিয় সভায় রোটারি ক্লাব অব বগুড়ার সভাপতি মোঃ রেজাউল হক জানান, আমেরিকার বাসিন্দা পল পি হ্যারিস প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠনটি ১৯৩৭ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। আর বগুড়ায় রোটারি ক্লাবের কার্যক্রম শুরু হয় ১৯৮০ সালে। সর্বাধিক ৯৮ সদস্যের রোটারি ক্লাব অব বগুড়া উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহত্তম ক্লাব উল্লেখ করে মোঃ রেজাউল হক বলেন, বিগত দিনে সংগঠনের পক্ষ থেকে করোনাকালে খাদ্য এবং চিকিৎসা প্রদানসহ বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।

