আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধিঃ
মঙ্গলবার ৫ আগস্ট (৩৬ জুলাই) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ২০২৪ সালের শহীদ ও যোদ্ধাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্যগণ, জুলাই যোদ্ধাগণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার প্রদান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। তাদের সম্মানে সংবর্ধনাও প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

