মাহমুূুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ– উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কাজিপুরের বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অনুষ্ঠিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতীর বাণী অর্চনা। বুধবার (১৪’ই ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজায় অংশগ্রহণ করেন। এর আগে কাজিপুর বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ছাত্রাবাস সংলগ্ন অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপন এর মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে দিনব্যাপী বাণী অর্চনার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মন্ডপে আসা ইন্সটিটিউটের শিক্ষার্থী আকাশ সাহা বিশ্বাস বলেন, একসাথে সবাই মিলে পূজা উদযাপন করায় অনেক আনন্দ লাগছে। পরিবার পরিজনের সাথে পূজার আনন্দ উপভোগ করতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তারপরও আমরা যারা শিক্ষার্থীরা এখানে রয়েছি সবাই একসাথে পূজার যাবতীয় আনুষ্ঠানিকতা পালন করছি।
ইন্সটিটিউটে অস্থায়ী মন্দির স্থাপনের মাধ্যমে পূজা উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন গড়েছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দীন। তিনি বলেন, বাংলাদেশ ঐতিহ্যগত ভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের সকল ধর্ম-বর্ণের মানুষ আবহমানকাল থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলা গড়ার প্রত্যয়েই বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পারস্পরিক সম্প্রীতির এই নিদর্শন আগামী দিনেও বজায় থাকে এমন প্রত্যাশা করছি।

