আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকার করার অপরাধে যুবদলের এক কর্মীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বানা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বানা-পাঁচুড়িয়া খালে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মাফুজার শেখ (৩৬), উপজেলার দিঘলবানা গ্রামের মকছেদ শেখের ছেলে। তিনি বানা ইউনিয়ন যুবদলের কর্মী হিসেবে পরিচিত।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান জানান, মাফুজার স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই খালে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাঁশের আড়াআড়ি বাঁধ তৈরি করে মাছ শিকার করে আসছিলেন। খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করে। পরে তদন্তে মাফুজারের সম্পৃক্ততা প্রমাণিত হলে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। তিনি বলেন, “প্রবহমান খালটির পানি প্রবাহ ও জীববৈচিত্র্য নষ্ট করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করায় অভিযানে বাঁধ অপসারণ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

