আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “ডিপিপির অনুমোদনের বিষয়ে যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না আসে, তবে আমরা উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো কঠোর কর্মসূচিতে যাব।” তাঁরা আরও জানান, দীর্ঘদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে অবহেলা ও সময়ক্ষেপণে তাঁরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ।
শিক্ষার্থীরা জানান, ২৪ জুলাই থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একাধিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধারাবাহিকভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চলছে মানববন্ধন, মহাসড়কে প্রতীকী ক্লাস, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু সরকারের তরফ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধদিবস প্রশাসনিক কর্মবিরতি পালন করেন এবং বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৭ সালে প্রথমবারের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের জন্য ডিপিপি তৈরি করা হয়, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ২০০ কোটি টাকা। পরবর্তী সময়ে সাত দফা সংশোধনের মাধ্যমে সেটি ৫১৯ কোটি ১৫ লাখ টাকায় নির্ধারিত হয়। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা—এই পাঁচটি বিভাগে মোট ১ হাজার ২০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এ ছাড়া রয়েছেন ৩৪ জন শিক্ষক, ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী। বর্তমানে পৌর শহরের শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ এবং ভাড়া করা দুটি ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই আন্দোলন শান্তিপূর্ণভাবে একটি স্থায়ী সমাধানে পৌঁছাবে।

