(ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মিলন খান)
বিকাল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এক বর্ণাঢ্য মোটরসাইকেল রেইলি। উৎসবমুখর পরিবেশে রেইলিটি বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, কামারপুকুর, চৌরঙ্গী, কাঁঠালডাঙ্গী, ভাতুরিয়া, হরিপুর, ঠাকিঠুকি, যাদুরাণী ও পশ্চিম বনগাঁওসহ আশপাশের আরও বহু গ্রাম ও বাজার প্রদক্ষিণ করে।
বিকেলের শুরু থেকেই রাস্তাঘাট, মোড় ও বাজার এলাকাগুলো মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। তরুণরা মোটরসাইকেলে ধানের শীষের প্রতীক ও জাতীয় পতাকা উড়িয়ে রেইলিতে অংশ নেয়। প্রতিটি এলাকায় স্থানীয় জনতা রাস্তায় দাঁড়িয়ে হাতে হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানায়।
বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তৃতায় ডা. আব্দুস সালাম বলেন, “মানুষের আস্থা ও ভালোবাসাই আমার প্রেরণা। চিকিৎসা পেশায় যেমন মানবসেবা করেছি, রাজনীতিতেও সেই আদর্শ ধরে রাখতে চাই।” তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। আমি রাজনীতি করবো সেবার মানসিকতা নিয়ে—কারো বিরুদ্ধে নয়, মানুষের জন্য।”
রেইলিতে অংশ নেওয়া সাধারণ মানুষ ও তরুণরা ডা. আব্দুস সালামের এই সেবামুখী অঙ্গীকারকে স্বাগত জানান এবং তাদের মধ্যে আশার সঞ্চার ঘটেছে বলে জানান সাময়িক মন্তব্যে। রেইলির চলমান মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক সাড়া জাগায়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে রেইলির উত্তেজনা বাড়ে এবং প্রায় রাত ১১টা পর্যন্ত প্রচারণা অব্যাহত রাখার পর আনন্দঘন পরিবেশে রেইলির সমাপ্তি ঘোষণা করা হয়।
রেইলি শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি কর্মসূচি, যা ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চালানো হবে। জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ডা. আব্দুস সালামের বক্তব্যে দিনভর এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

