আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা পঞ্চগড়ে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে। অক্টোবরের শুরু থেকেই শুরু হয়েছে পর্যটন মৌসুম, যা চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতির সজীবতা দেখতে প্রতিদিনই হাজারো পর্যটক ছুটে আসছেন এই জেলার বিভিন্ন প্রান্তে।
চা-বাগান, নদী, পাহাড়ের পাদদেশে মেঠোপথ আর কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য—সব মিলিয়ে পঞ্চগড় এখন এক অনন্য পর্যটন স্বর্গ। তেঁতুলিয়া উপজেলা এই জেলার প্রধান আকর্ষণ। মহানন্দা নদীর পাড়ে ভোরের আলোয় হিমালয়ের মহিমাময় রূপ উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দেশি-বিদেশি পর্যটকরা।
পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানে এখন উৎসবমুখর পরিবেশ। মহানন্দা পার্ক, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, ভীতরগড় দুর্গনগরী, মহারাজার দিঘী, গোলকধাম মন্দির, বারো আউলিয়ার মাজার, রক্স মিউজিয়াম ও জেলা প্রশাসনের নতুন ইকো পার্কে ভ্রমণপিপাসুরা সময় কাটাচ্ছেন আনন্দে।
পর্যটকদের আগমনে স্থানীয় অর্থনীতি ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, পরিবহন ও গাইড সার্ভিসে বেড়েছে কর্মসংস্থান। স্থানীয় অনেক পরিবার নিজেদের ঘরেই খুলেছেন অতিথিশালা ও খাবারের দোকান।
পর্যটকদের নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিতে জেলা প্রশাসনও নানামুখী পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, “ভ্রমণকারীদের সহায়তায় ইকো পার্ক, পর্যটন তথ্যচিত্র ও একটি মোবাইল অ্যাপস চালু করা হয়েছে, যাতে সহজেই পর্যটন কেন্দ্রগুলোর তথ্য পাওয়া যায়।”
প্রকৃতির মোহনীয়তা, মানুষের আন্তরিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে পঞ্চগড় আজ উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে।

