ঢাকাFriday , 19 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সন্দেহভাজন মোটরসাইকেল আটক, ৩০ হাজার টাকায় ছেড়ে দিলেন এএসআই রবীন্দ্রনাথ

Nadigram
April 19, 2024 9:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় সন্দেজনক ভাবে মোটরসাইকেল আটকের পর ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন- নওগাঁ সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) রবীন্দ্রনাথ মন্ডল। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেল এর প্রকৃত মালিক নওগাঁ সদর উপজেলার বুজরু আতিথা গ্রামের আব্দুস সোবহান এর ছেলে সিহাব হোসেন এর নিকট থেকে ৩০ হাজার টাকা বুঝে নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় সিহাবের শ্যালক বাঁধন হোসেনকে (২৫) সন্দেহভাজন হিসাবে মামলা দিয়ে বুধবার (১৭ এপ্রিল) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, জেলার মহাদেবপুর থানার হরষি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে বাঁধন হোসেন তার বোন জামাই সিহাব হোসেনের মোটরসাইকেল নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে পাশ্ববর্তী বর্ষাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় যান। এসময় নওগাঁ সদর থানার এএসআই রবীন্দ্রনাথ মন্ডল মোবাইল-২ ডিউটি করাকালীন সময়ে তাকে আটক করে তল্লাসি চালায়। তবে তল্লাসি করে কোন কিছু না পাওয়ার পরও তাকে মাদক মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অনেক ভয়ভীতির পরও টাকা দিতে অপারগতা জানালে মোটরসাইকেলসহ বাঁধনকে আটক করে থানায় নিয়ে আসেন।

পরে বিষয়টি জানতে পেরে মোটরসাইকেলের প্রকৃত মালিক সিহাব হোসেন ও হাঁপানিয়া এলাকার আব্দুল বাকিদ (ফবেল) যোগযোগ করেন এবং মোটরসাইকেল ও বাঁধনকে ছাড়ানোর জন্য অনুরোধ জানান। তবে এএসআই রবীন্দ্রনাথ মন্ডল শুধু মাত্র মোটরসাইকেল ছেড়ে দেয়ার শর্তে ৩০ হাজার টাকা দাবী করেন। কিছু টাকা কম নেওয়ার জোড়াজুড়ি করলেও এক টাকাও কমাতে পারবেনা বলে সাফ জানিয়ে দেন এএসআই রবীন্দ্রনাথ। পরে মোটরসাইকেল মালিক সিহাব মধ্যস্থতাকারী ফবেলকে সঙ্গে নিয়ে রাত ১১ টার দিকে এএসআই রবীন্দ্রনাথ কে ৩০ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি ছাড়িয়ে নিয়ে যায়।

উল্লেখ্য- এএসআই রবীন্দ্রনাথ মন্ডল এ থানায় যোগদানের পর হতে একাধীক অনিয়েমর সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। জনশ্রুতি আছে যে তিনি ২০০ টাকা হলেও ঘুষ নেন। গত ৮ মাস পূর্বে উপজেলার ঠাংভাঙ্গা মোড় এলাকা হতে জনসম্মুখে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল সহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করার পর মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রায় ৩ মাস পূর্বে তিলোকপুর ইউনিয়ন বিটের দ্বায়িত্বে থাকা অবস্থায় টিসিবির পণ্যের চাল ক্রয়ের সময় চাল ব্যাবসায়িকে গ্রেফতারের ভয় দেখিয়ে ৫০০ টাকা নেয়। তিলোকপুর ইউনিয়নে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে না পাওয়ায় তার গরিব অসহায় প্রতিবন্ধী বাবার নিকট টাকা দাবী করেন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানালে তবেই এমন পরিস্থিতি থেকে পরিত্রান পান অসহায় প্রতিবন্ধী বাবা।

তিলোকপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডিএম তোয়াফ তোতা জানান, আমার এলাকায় এক ছেলের নামে ওয়ারেন্ট হয়। এএসআই রবীন্দ্রনাথ তাকে বাড়িতে না পেয়ে তার প্রতিবন্ধী বাবার নিকট টাকা দাবী করেন। যাদের টাকা দেওয়ার কোন সামর্থ ছিল না । কিন্তু বারবার রবীন্দ্রনাথ টাকার জন্য চাপ দিচ্ছিল। পরে বিষয়টি আমি জানতে পেরে বিভিন্ন ভাবে নিষেধ করার পরে অসহায় প্রতিবন্ধী বাবা পরিত্রান পান।

এবিষয়ে মোটরসাইকেল মালিক সিহাব হোসেন বলেন, আমার শ্যালা না বলে আমার গাড়ি নিয়ে বাইরে গেলে সন্দেহজনক ভাবে পুলিশ তাকে আটক করে। পরে বিষয়টি জানতে পেরে হাঁপানিয়ার বাজার এলাকার আত্মীয় ফবেলকে সাথে নিয়ে মোটরসাইকেল নিতে গেলে ৩০ হাজার টাকা দাবী করা হয়। পরে কিছু টাকা কম দিতে চেয়েছিলাম। পরে বাধ্য হয়ে ৩০ হাজার টাকা দিলে মোটরসাইকেল ছেড়ে দেয়া হয়।

আব্দুল বাকিদ (ফবেল) বলেন, মোটরসাইকেলটি আটকের পরে ছেড়ে দিলেও কোন টাকা লেনদেন হয়নি। তবে এবিষয়ে আপনারা আর ঘাটাঘাটি করেন না সন্ধ্যায় দেখা করে কিছু একটা ব্যবস্থা করে দেয়া হবে।

এ বিষয়ে এএসআই রবীন্দ্রনাথ মন্ডলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সন্দেহভাজন ভাবে আসামী বাঁধনকে রাতে ঘোরাফেরা করতে দেখে মোটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মোটরসাইকেলটি আসামীর নয় জানতে পেরে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে। তবে ৩০ হাজার টাকা লেনদেন এর বিষয়টি সত্য নয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, এঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।