নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শামছ-ই তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি হান্নান আল আজাদ,
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলে’র সভাপতি হান্নান মাহমুদ, ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটন,সদর প্রেসক্লাবের সভাপতি মুখলেসুর রহমান, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ,সাংবাদিক আলম ফরাজি,অরবিন্দ পালসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন তখনই সাংবাদিকদের হামলা-মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়। গাজীপুরের চান্দুরায় সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধেসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। এসময় উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী স্বতঃস্ফূর্ত ভাবে এই কর্মসূচিতে অংশ নেন।
বক্তব্যে তুহিন হত্যার সাথে সাংবাদিক সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।

