আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি
সিরাজগঞ্জের বহুল আলোচিত বিসিক শিল্পপার্কে প্রথম দফায় ৭২ জন উদ্যোক্তাকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ আব্দুল কাদের সেখসহ অনেকে।
বক্তব্যে বিসিক কর্মকর্তারা জানান, সিরাজগঞ্জ শিল্পপার্কে ৮২৯টি প্লট প্রস্তুত করা হয়েছে, যেখানে দেশি-বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। বরাদ্দপ্রাপ্তদের নির্ধারিত সময়ে ডাউনপেমেন্ট, সার্ভিস চার্জ পরিশোধ, অনুমোদিত লে-আউট মেনে চলা এবং শিল্প কারখানা চালুর বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। আবাসিক ব্যবহার কিংবা মোবাইল টাওয়ার স্থাপন করলে বরাদ্দ বাতিল করা হবে বলেও জানানো হয়।
জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, “ঢাকার নিকটবর্তী হওয়া সত্ত্বেও সিরাজগঞ্জে শিল্পায়ন হয়নি, অথচ বগুড়ায় হয়েছে। এই পার্কটি বিসিকের সবচেয়ে বড় প্রকল্প। যমুনা সেতু সংলগ্ন এলাকাটি শিল্প গড়ে তোলার জন্য আদর্শ। এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত—রেল, সড়ক ও নৌপথে সহজে চলাচল সম্ভব।”
আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ বলেন, “এই দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। আজকের প্লট হস্তান্তরের মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা হলো। বিসিক দেশের জিডিপিতে প্রায় ১১ শতাংশ অবদান রাখছে।”
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৭১৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী, পশ্চিম মোহনপুর, বনবাড়িয়া, বেলুটিয়া ও মোড়গ্রাম মৌজার ৪০০ একর জমিতে বিসিক শিল্পপার্ক নির্মাণ হচ্ছে।

